
মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ
সিলেট টেস্টে জয়ের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে এখন টাইগারদের দরকার মাত্র ৩ উইকেট। অন্যদিকে ম্যাচ বাঁচাতে বা জিততে পাকিস্তানকে করতে হবে আরও ১২১ রান।
৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। ক্রিজে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান করার পর পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলে বড় লক্ষ্য দেয় স্বাগতিকরা। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পাওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
চতুর্থ দিনের শুরুতে পাকিস্তান কিছুটা ভালো ব্যাটিং করলেও দ্রুতই ধাক্কা খায়। দলীয় ২৭ রানে ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন নাহিদ রানা। এরপর মেহেদি হাসান মিরাজের শিকার হন আরেক ওপেনার আজান আওয়াইস। তিনি করেন ২১ রান।
৪১ রানে ২ উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে ৯২ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। তবে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ব্যক্তিগত ৪৭ রানে বাবরকে ফিরিয়ে দেন এই বাঁহাতি স্পিনার।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সৌদ শাকিলও। নাহিদ রানার বলে ৬ রান করে আউট হন তিনি।
অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করতে থাকা শান মাসুদ তুলে নেন অর্ধশতক। তবে ৭১ রান করে তিনিও থামেন তাইজুল ইসলামের বলে। শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন পাকিস্তান অধিনায়ক।
চা-বিরতির আগে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে পাকিস্তান। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ১৩৪ রান।
সালমান আঘা ৭১ রান করে আউট হন তাইজুল ইসলামের বলে। এরপর হাসান আলিকেও দ্রুত ফেরান এই স্পিনার।
দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩১৬ রান। রিজওয়ান ৭৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৮ রান নিয়ে খেলছেন সাজিদ খান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাইজুল ইসলাম। তিনি ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া নাহিদ রানা পেয়েছেন ২ উইকেট এবং মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ১টি উইকেট।
















































