বুধবার । মে ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২০ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে তীব্র আপত্তি ভোক্তা ও শিল্পখাতের প্রতিনিধিদের


Electricity-price

সংগৃহীত ছবি

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ও শিল্পখাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের আশঙ্কা, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় বেড়ে নিত্যপণ্যের দাম আরও বাড়বে এবং শিল্পখাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে বক্তারা বলেন, বর্তমানে অর্থনৈতিক চাপের মধ্যে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলবে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা অভিযোগ করেন, জনগণের স্বার্থ উপেক্ষা করে বারবার মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিল্প উদ্যোক্তারাও বিদ্যুতের দাম বাড়ানোর বিরোধিতা করে বলেন, এতে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্প বড় ক্ষতির মুখে পড়বে। বিকেএমইএর প্রতিনিধি মো. জামাল উদ্দিন মিয়া বলেন, এমন সিদ্ধান্ত শিল্পখাতের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।

অন্যদিকে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তার দাবি, বিপুল ভর্তুকির চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ভবিষ্যতে সৌর ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে এবং এতে গ্রাহকদের ওপর চাপও হ্রাস পাবে।