
চিত্রনায়ক শাকিব খান
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ক্ষোভের পাশাপাশি সরব হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি শিশুর আর্তনাদ কখনো শুধু একটি পরিবারের কষ্ট নয়, এটি পুরো সমাজের বেদনা। রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা দেশের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
তিনি দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বলেন, এমন শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। বিচার বিলম্বিত হলে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও বাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
শাকিব খান বলেন, তাই এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয় এবং আর কোনো সন্তানের পিতাকে আক্ষেপ করে বলতে না হয় যে, ‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই’।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। একই সঙ্গে তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে সাত বছর বয়সী রামিসা হত্যা মামলায় প্রধান আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, দ্রুত চার্জশিট দাখিল করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।












































