রবিবার । মে ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৩ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বমঞ্চে প্রশংসার পর এবার দেশে মুক্তি পেল ‘চকোলেট’


chocolate Short Film

বিশ্বমঞ্চে প্রশংসার পর এবার দেশে মুক্তি পেল ‘চকোলেট’

বিশ্বব্যাপী সফল প্রদর্শনী শেষে এবার দেশের দর্শকদের জন্য উন্মুক্ত হলো আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া জাগানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’। সত্য ঘটনা অবলম্বনে এবং শিশু নির্যাতনের ভয়াল বাস্তবতার পটভূমিতে নির্মিত ২০ মিনিটের এই চলচ্চিত্রটি এখন দেখা যাচ্ছে ‘টাইমস অব বাংলাদেশ’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ও স্পর্শকাতর ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি মূলত একটি বড় সামাজিক প্রশ্নকে সামনে এনেছে—আমাদের অতি চেনা নিজের ঘরেও কি শিশুরা আসলে নিরাপদ?

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা জসীম আহমেদ। দেশে মুক্তির আগেই অবশ্য বিশ্বমঞ্চে দারুণ সাফল্য কুড়িয়েছে ‘চকোলেট’। অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ব্রিটিশ প্রতিষ্ঠান ‘শর্টস ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে এই ছবিটির বিশ্বব্যাপী প্রদর্শনীর চুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশে উন্মোচনের আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির নিজস্ব চ্যানেল ‘শর্টস টিভি’-তে এটি নিয়মিত প্রচারিত হয়েছে।

এছাড়াও বিশ্বের বিভিন্ন নামী আন্তর্জাতিক এয়ারলাইনস, মোবাইল প্ল্যাটফর্ম এবং ভিডিও অন ডিমান্ডসহ (ভিওডি) নানামুখী অনলাইন মাধ্যমে চলচ্চিত্রটি সফলভাবে প্রদর্শিত হয়েছে। নির্মাতা জসীম আহমেদ জানান, ‘চকোলেট’ চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর চলমান অবদমিত নির্যাতনের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে, যা সচরাচর পর্দায় ওভাবে উঠে আসে না।

বাস্তবধর্মী এই চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম ও শিল্পী সরকার অপু। পরিচালক জসীম আহমেদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তাঁর বৈশ্বিক যাত্রা শুরু হয়েছিল।

পরবর্তীতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর নির্মিত এবং বিশ্বব্যাপী প্রশংসিত প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে প্রদর্শিত হয় এবং তুরস্কের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে তাঁকে সেরা পরিচালকের পুরস্কার এনে দেয়। তারই ধারাবাহিকতায় এবার সামাজিক সচেতনতামূলক নতুন এই চলচ্চিত্রটি নিয়ে দেশের দর্শকদের মাঝে হাজির হলেন তিনি।