মঙ্গলবার । মে ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা


Storm

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যখন সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড় ক্রমে বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই ঢাকাসহ দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকস্মিক এই বৈরী আবহাওয়ার কারণে ঈদযাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শুধু এই ৯ জেলাই নয়, চলতি সপ্তাহজুড়ে দেশের সবকটি বিভাগেই কম-বেশি ঝড়বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের এই সময়ে ঘরমুখো যাত্রী ও নৌযান চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।