মঙ্গলবার । মে ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ২৬ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শেয়ার

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংযমের আহ্বান


হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংযমের আহ্বান

আরাফাতের নামিরাহ মসজিদে খুতবা প্রদান করেন মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ আলী আল-হুজাইফি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার দিনে আরাফাতের ঐতিহাসিক নামিরাহ মসজিদে খুতবা প্রদান করেছেন মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ আলী আল-হুজাইফি। খুতবায় বিশ্ব উম্মাহর মঙ্গল কামনাসহ ঐক্যের আহ্বান জানানো হয়েছে। সবাই যেন আরও বেশি কল্যাণমূলক কাজ করে যেতে পারেন, সেজন্য দোয়া করা হয় খুতবায়।

মঙ্গলবার (২৬ মে) পবিত্র নামিরাহ মসজিদে আরাফাতের ঐতিহাসিক খুতবা দেওয়ার সময় মসজিদে নববীর ইমাম শেখ আলী আল-হুজাইফি বলেন, হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যার মূল ভিত্তি হলো একত্ববাদ এবং আল্লাহর প্রতি আনুগত্য। একই সঙ্গে এই পবিত্র মহোৎসব বিশ্বের বিভিন্ন জাতীয়তা ও পটভূমির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

খুতবায় শেখ আলী আল-হুজাইফি বলেন, সঠিকভাবে হজ পালনের জন্য উত্তম আচরণ, সত্যবাদিতা এবং পাপ, বিরোধ ও দলীয় বা রাজনৈতিক স্লোগান থেকে বিরত থাকা জরুরি।

খুতবায় ইসলামের মূল স্তম্ভগুলো, আল্লাহকে ভয় করার (তাকওয়া) গুরুত্ব এবং মুমিনদের জন্য আল্লাহর সাহায্যের বিধান নিয়েও আলোচনা করা হয়।

আল-হুজাইফি হজের আনুষ্ঠানিকতার ধাপগুলো বর্ণনা করেন এবং হাজিদের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে এবং জননিরাপত্তা রক্ষার্থে ভিড় ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন।

খুতবার শেষ অংশে তিনি হাজিদের হজের আচার-অনুষ্ঠান কবুল হওয়ার জন্য, মুসলিম বিশ্বের ঐক্য এবং পবিত্র দুই মসজিদের (হারামাইন শরিফাইন) নিরবচ্ছিন্ন সেবায় নিয়োজিত সৌদি নেতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

ঐতিহাসিক এই খুতবা সমাপ্ত হওয়ার পর হাজিরা সুন্নাহ অনুসারে জোহর ও আসরের নামাজ একসঙ্গে এবং সংক্ষিপ্ত আকারে আদায় করেন।

এ সময় নামিরাহ মসজিদে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আশশাইখ এবং ধর্ম বিষয়ক সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস উপস্থিত ছিলেন।