
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্তের মধ্যেই হাসপাতাল প্রাঙ্গণে একটি রুটির কারখানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৩০ মে) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের ভেতরে দুটি বৈদ্যুতিক ওভেন দিয়ে পরিচালিত একটি বেকারি পাওয়া গেছে। সেখানে প্রয়োজনীয় প্রকৌশলী না থাকাসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। পরিদর্শনের সময় বিপুল পরিমাণ ময়লাও পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ওই বেকারিতে হাজার হাজার শিক্ষার্থীর জন্য খাবার প্রস্তুত করা হতো। সেখান থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট দুই চিকিৎসকের সঙ্গে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
ঘটনার তদন্তে গঠিত কমিটিতে আরও তিন সদস্য যুক্ত করা হয়েছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৬ মে দিবাগত রাতে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, এক মায়ের অনুরোধে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখার পর পুনরায় চালু করা হলে কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে ছয় নবজাতকেরই মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার ছয় নবজাতকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।







































