রবিবার । মে ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩১ মে ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
শেয়ার

সামান্থাকে ঘিরে গুজব ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে আদালতে নাগা চৈতন্য


Naga-Chaitanya-Samantha

সংগৃহীত ছবি

সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেদকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব, মানহানিকর তথ্য ও ভুয়া কনটেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। নিজের নাম, ছবি ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনেতার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব কনটেন্টে তাকে সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রতারণাকারী হিসেবে তুলে ধরা হয়েছে এবং তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার অভিযোগও করা হয়েছে।

গত ২৯ মে বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে শুনানিকালে নাগা চৈতন্যের আইনজীবী বৈভব গগ্গর জানান, এসব অভিযোগ ন্যায্য সমালোচনা নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত ট্রলিং ও মানহানির শামিল। তিনি আরও বলেন, অভিনেতার অনুমতি ছাড়া তার পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভিডিও এবং আপত্তিকর কনটেন্টও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আবেদনে নাগা চৈতন্যের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র জগতে কাজ করছেন এবং এ ধরনের অননুমোদিত কনটেন্ট তার সুনাম, ব্যক্তিগত গোপনীয়তা ও জনসম্মুখে ভাবমূর্তির ক্ষতি করছে।

শুনানি শেষে দিল্লি হাইকোর্ট বিবাদীপক্ষকে সমন জারি করেছে। পাশাপাশি অভিনেতার ব্যক্তিগত অধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ইঙ্গিতও দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।