মঙ্গলবার । জুন ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২ জুন ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন
শেয়ার

সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪


car-accident

সংগৃহীত ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।