
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।
মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি ৯২ লাখ টাকা বা মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। সে হিসাবে মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং অনুপাত বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট।
এদিকে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ শেষে প্রকৃত খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১০৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩০ দশমিক ৯২ শতাংশ। গত ডিসেম্বরের তুলনায় এ সময়ে প্রকৃত খেলাপি ঋণ বেড়েছে ১৯ হাজার ২৭৩ কোটি ৭৬ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের ব্যাংক খাতের জন্য উদ্বেগ আরও বাড়িয়েছে।













































