বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জুন ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
শেয়ার

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার


prepaid

ফাইল ছবি

বিদ্যুৎ খাতে সাধারণ গ্রাহকদের ওপর চেপে থাকা অতিরিক্ত মাসিক খরচের বোঝা অবশেষে দূর হলো। প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আদায় করা মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সরকার।

আজ বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই জনবান্ধব সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ওই পোস্টে বলা হয়, ‘বিএনপি সরকারের ১০০ দিন — জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।’

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হতে পারে বলে সুনির্দিষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। মন্ত্রীর সেই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছিল।

বিদ্যুৎ খাত সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত কার্যকরের আগে পর্যন্ত প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা হারে ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে প্রতি মাসে ৪০ টাকা মিটার ভাড়া দিতে হতো। এর সঙ্গে আরও যুক্ত ছিল ৫ শতাংশ ভ্যাট। ফলে অনেক ক্ষেত্রে কোনো গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করলেও প্রতি মাসেই এই নির্দিষ্ট বাড়তি খরচগুলো বাধ্যতামূলকভাবে পকেট থেকে দিতে হতো।

দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের এই বাড়তি চার্জ নিয়ে দেশের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। অনেকেই এটিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা হিসেবে অভিহিত করে তা বাতিলের জন্য জোর দাবি জানিয়ে আসছিলেন। সরকারের নতুন এই পদক্ষেপের ফলে গ্রাহকদের সেই দীর্ঘদিনের দাবি পূরণ হলো এবং অতিরিক্ত খরচের হাত থেকে মুক্তি মিলল।