বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ জুন ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

আমির-গৌরীর বিয়ে ৫ জুলাই


Gouri-Amir

বলিউড তারকা আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন এবার সত্যি হলো। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন বলে নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমে বিয়ের খবর প্রকাশের একদিন পর এক সাক্ষাৎকারে আমির জানান, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এবং নির্ধারিত তারিখেই তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

গত বছর নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও দীর্ঘদিন যোগাযোগ ছিল না। প্রায় দেড় বছর আগে পুনরায় যোগাযোগ শুরু হওয়ার পর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে লন্ডনে পড়াশোনা করেছেন। এর আগে তিনি একবার বিবাহিত ছিলেন এবং তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, গৌরী তার জীবনে নতুন শান্তি ও স্থিতি এনে দিয়েছেন। অভিনেতার ভাষায়, গৌরীর সঙ্গে থাকলে তিনি মানসিক প্রশান্তি অনুভব করেন এবং নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাদের দাম্পত্যের ইতি ঘটলেও ছেলে আজাদের দায়িত্ব এখনও যৌথভাবে পালন করছেন দুজন।

সূত্র: এনডিটিভি