
নিলামে মনরোর জীবন ও ক্যারিয়ারের সঙ্গে জড়িত মোট ১৮৫টি সামগ্রী রাখা হয়েছে
হলিউড কিংবদন্তি মেরিলিন মনরোর জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে তার ব্যবহৃত নানা ব্যক্তিগত সামগ্রী ও স্মারক নিয়ে শুরু হয়েছে বিশেষ নিলাম। নিলাম শুরুর পরই বিভিন্ন সংগ্রহযোগ্য সামগ্রীর জন্য হাজার হাজার ডলারের দর উঠেছে।
বৃহস্পতিবার শুরু হওয়া এই নিলামে মনরোর জীবন ও ক্যারিয়ারের সঙ্গে জড়িত মোট ১৮৫টি সামগ্রী রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৫০-এর দশকের একটি বিলাসবহুল হাতব্যাগ, সন্ধ্যাকালীন গাউন, ব্যবহৃত প্রসাধনী সামগ্রী এবং ঠোঁটের পরিচর্যার জন্য ব্যবহৃত লিপ পোমেড।
নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনস জানিয়েছে, সংগ্রহে এমন অসংখ্য ছবি ও স্লাইড রয়েছে যা আগে কখনও প্রকাশিত হয়নি। এছাড়া বহু বছর ধরে আড়ালে থাকা বিরল কিছু ছবিও এবার জনসমক্ষে আসছে।
১৯৫০-এর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ও যৌন আবেদনময়ী প্রতীক হিসেবে পরিচিতি পাওয়া মেরিলিন মনরো ১৯৬২ সালে মাত্র ৩৬ বছর বয়সে মারা যান। তবে মৃত্যুর কয়েক দশক পরও তার জনপ্রিয়তা কমেনি।
যুক্তরাষ্ট্রজুড়ে এই সপ্তাহে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে এক হাজারের বেশি ভক্ত মনরোর বিখ্যাত সাদা প্লিটেড পোশাক পরে তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। তারা মনরোর সেই বিখ্যাত ভঙ্গিতে নির্মিত বিশাল ভাস্কর্যের সামনে ছবি তোলেন।
নিলামের সবচেয়ে মূল্যবান সামগ্রী হিসেবে বিবেচিত হচ্ছে ১৯৫০-এর দশকের সোনালি রঙের একটি ছোট হাতব্যাগ। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ডলার।
ব্যাগটির ভেতরে রয়েছে মনরোর ছোট চিরুনি, একটি লিপস্টিক, আটটি ফিলিপ মরিস সিগারেট এবং ১৯৪০-এর দশকের কিছু কয়েন। বৃহস্পতিবার পর্যন্ত এটির সর্বোচ্চ দর উঠেছিল ৭০ হাজার ডলার।
এছাড়া মনরোর ব্যবহৃত একটি অন্তর্বাসও নিলামে তোলা হয়েছে। অনেক দিনের পুরনো হওয়ার কারণে এর রং কিছুটা হলদেটে হয়ে গেছে বলে জানিয়েছে নিলাম কর্তৃপক্ষ। মাত্র ১ হাজার ডলার মূল্য নির্ধারণ করা হলেও এতে ১৫টি দর জমা পড়েছে এবং সর্বোচ্চ দর পৌঁছেছে ৭ হাজার ডলারে।
নিলামে মনরোর ব্যবহৃত লিপস্টিক, ব্লাশ ও আইলাইনার পেন্সিলও রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে, অনেকেই এখনো মনরোর বিখ্যাত সাজসজ্জা অনুকরণ করার চেষ্টা করেন বলে জানিয়েছে আয়োজকরা। এছাড়া তার বিভিন্ন ফটোশুটের বহু অপ্রকাশিত ছবি সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আরেকটি উল্লেখযোগ্য সামগ্রী হলো লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড এলাকায় মনরোর একমাত্র মালিকানাধীন বাড়ির সামনের জলপাই-সবুজ রঙের কাঠের গেট। ১৯৬২ সালে তিনি প্রায় ১০০ ডলার দিয়ে এটি কিনেছিলেন। বর্তমানে গেটটির জন্য ১৫ হাজার ডলার পর্যন্ত দর উঠেছে।
মেরিলিন মনরোর জন্মের এক শতাব্দী পরও তার ব্যবহৃত সামগ্রী নিয়ে ভক্ত ও সংগ্রাহকদের এই বিপুল আগ্রহ প্রমাণ করে যে, হলিউডের এই কিংবদন্তি তারকার আকর্ষণ এখনো ফিকে হয়ে যায়নি।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প









































