রবিবার । জুন ৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৭ জুন ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
শেয়ার

২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’


Abar hotath Bristy

‘আবার হঠাৎ বৃষ্টি’ – এর নবীন দুই অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন

দুই বাংলার তুমুল জনপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির দীর্ঘ ২৭ বছর পর আবারও নতুন রূপে বড় পর্দায় ফিরছে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের এই রিমেকে এবার জুটি বেঁধেছেন নবীন দুই অভিনয়শিল্পী আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন।

সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। তিনি জানান, প্রায় তিন মাস আগেই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে এটি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও লাভ করেছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

১৯৯৮ সালে বাসু চ্যাটার্জির পরিচালনায় মূল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। এবারের নতুন সংস্করণে ফেরদৌসের জুতোয় পা গলিয়েছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে। আরিয়ানের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে এটিই তার প্রথম কাজ। চরিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আরিয়ান বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়। পরিচালকের নির্দেশনা মেনে নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ক্যারিয়ারের শুরুতে এমন একটি চরিত্রে কাজ করতে পারা বড় প্রাপ্তি।’

রিমেক নির্মাণের চ্যালেঞ্জ নিয়ে পরিচালক কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের কালজয়ী ছবি রিমেক করাটা সত্যিই বড় চ্যালেঞ্জ। তবে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই আমরা কাজটি করেছি। বাকিটা ছবি দেখার পর দর্শকরাই বলবেন।’

সিনেমাটিতে এই নতুন জুটি ছাড়াও আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে। উল্লেখ্য, মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। তবে নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।