
ফাইল ছবি
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে আরও ৬৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।
মারা যাওয়া সাত শিশুর মধ্যে চারজন ঢাকার, একজন চট্টগ্রামের, একজন ময়মনসিংহের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২০ জনে।
এ সময়ের মধ্যে দেশে ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।












































