
ছবি: সংগৃহীত
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা। গতকাল রবিবার (৭ জুন) নাসিরিয়া শহরের একটি ব্যস্ত মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নাসিরিয়া শহরের সংযোগ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী বাসটির চালক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে উল্টে যায় এবং উল্টে যাওয়ার সাথে সাথেই পুরো গাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায়।
বাসের ভেতর থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার এবং বের হওয়ার সুযোগ পাওয়ার আগেই আগুনের শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যেই পুরো বাসটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ভেতরে থাকা যাত্রীদের একটি বড় অংশ অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আগুনের তীব্রতার কারণেই হতাহতের সংখ্যা এত বেশি হয়েছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২১ জনের মরদেহ ইতোমধ্যে মর্গে রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন ১৯ জন আহতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
এদিকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ইরাকের রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। একই সাথে তদন্তের রিপোর্ট অত্যন্ত দ্রুত ও জরুরি ভিত্তিতে তাঁর দপ্তরে জমা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।











































