
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে গভীর আগ্রহ জানিয়েছে ইরাক সরকার। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও ইরাকের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত দুদিনব্যাপী (১৩-১৪ অক্টোবর) বৈঠকে এই চুক্তি সই হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে নিরাপদ, নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসনসহ জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, ইরাকে দক্ষ, স্বল্প দক্ষ এবং অদক্ষ কর্মী পাঠানোর সম্ভাব্যতা এবং ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে ‘রেকর্ড অব ডিসকাশন’ স্বাক্ষরিত হয়। এতে সিদ্ধান্ত হয়, ইরাক সরকার বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগে ভিসা প্রদান করবে। ইরাকে গমন–ইচ্ছুক কর্মীদের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিয়োগপত্র যাচাই ও চুক্তি সম্পাদনের পর পাঠানো হবে।
এ ছাড়া, ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে ইরাকি প্রতিনিধিদল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে সাধারণ ক্ষমার আওতায় নিয়মিতকরণের অনুরোধ জানাবে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আবদুর রেজা খাইয়ুন আত-ওয়ানি।
বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া উপস্থিত ছিলেন। এর আগে ইরাকি প্রতিনিধিদল প্রবাসীকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

































