বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জুন ২০২৬, ৪:০১ অপরাহ্ন
শেয়ার

সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা


Budget 26-27

সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা

মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতিক্ষিত নতুন পে-স্কেলের ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন বেতন কাঠামোর বড় সুখবরটি জানান।

স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। এই দীর্ঘ সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ চাকুরিজীবীদের জীবনযাত্রার খরচ অনেকটাই বেড়ে যাওয়ায়, আগামী ১ জুলাই থেকে পর্যায়ক্রমে নতুন এই বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাধীনতার পর ১৯৭২ সালে মাত্র ৭৮৬ কোটি টাকার ক্ষুদ্র বাজেট দিয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয়েছিল, পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে সেই বাংলাদেশ আজ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এক বিশাল ও ঐতিহাসিক বাজেটের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপির নেতৃত্বাধীন বর্তমান নতুন সরকারের এটিই প্রথম বাজেট।

রাষ্ট্রীয় ব্যয়ের আকার ও উন্নয়ন কর্মসূচির পরিধি বৃদ্ধির এই মহালগ্নে সরকারের প্রধান লক্ষ্য হলো—অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করা, ব্যবসা-বাণিজ্যের ওপর থেকে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল করা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশকে দ্রুত একটি ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ মর্যাদায় নিয়ে যাওয়া।

প্রস্তাবিত এই মেগা বাজেটে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ব্যয়ের তুলনায় আয়ের ব্যবধান মেটাতে বাকি অর্থ অভ্যন্তরীণ ও বৈশ্বিক ঋণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীদের আর্থিক সহায়তা থেকে সংগ্রহ করা হবে।

এবারের বাজেটে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আনুমানিক ৩ দশমিক ৬ শতাংশ।