বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১১ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
শেয়ার

শুক্রবার থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও বাজার


basundhara city

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আরোপিত সময়সীমায় শিথিলতা এনে আগামীকাল (১২ জুন) শুক্রবার থেকে দেশের সব শপিংমল, বিপণিবিতান ও খুচরা দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১১ জুন) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

এর আগে গত ১ জুন থেকে কার্যকর হওয়া সরকারি নির্দেশনায় বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে শপিংমল, বাজার ও দোকানপাট রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে চলমান এবং ভবিষ্যতে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও রাত ৯টার সময়সীমা প্রযোজ্য হবে।

তবে রেস্টুরেন্ট, হাসপাতাল, ফার্মেসি এবং অন্যান্য জরুরি সেবাপ্রতিষ্ঠান এ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদেরও রাত ৯টার মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চ বিদ্যুৎ চাহিদার সময়ে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকার আগে এসব বিধিনিষেধ আরোপ করেছিল। বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার সেই সিদ্ধান্তে আংশিক পরিবর্তন আনা হলো।

বাংলা টেলিগ্রাফ স্পোর্টস-বিটিএস