বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জুন ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
শেয়ার

প্রস্তাবিত বাজেটকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির রূপরেখা বললেন মাহদী আমিন


mahadi-amin

ফাইল ছবি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যেখানে ধর্ম-বর্ণ ও পেশা নির্বিশেষে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

মাহদী আমিন জানান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, কৃষি, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু কল্যাণ, অবকাঠামো, জ্বালানি এবং পরিবেশসহ ১২টি গুরুত্বপূর্ণ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শিক্ষাকে আরও সমতাভিত্তিক ও স্বাস্থ্যসেবাকে সবার নাগালে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য সার, বীজ, সেচ ও কৃষি বীমা সহজলভ্য করা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতে, বাজেটের মূল লক্ষ্য হলো বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, সহজ শর্তে ঋণ প্রদান এবং কর্মসংস্থাননির্ভর প্রবৃদ্ধি নিশ্চিত করা। তরুণ ও নারীদের ক্ষমতায়নে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের জন্যও বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারে সুশাসন, আর্থিক শৃঙ্খলা এবং দুর্নীতিমুক্ত ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহদী আমিনের ভাষ্য, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানো, করের আওতা সম্প্রসারণ এবং অনানুষ্ঠানিক অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি গড়ে তোলাই এই বাজেটের অন্যতম লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়নযাত্রা আরও বেগবান হবে।