
ফাইল ছবি
দেশের পাঁচটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশের উচ্চপর্যায়ের ১৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। জেলাগুলো হলো— পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ এবং ফেনী। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
একই আদেশে জেলাগুলোর বর্তমান এসপিসহ পুলিশের আরও আট কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পদায়ন করা হয়েছে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার এবং ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) এন, এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর এসপি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের এসপি এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার (যিনি পূর্বে ঝালকাঠির এসপি হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন) প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে পূর্বের কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজার থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপার এবং ঝিনাইদহ থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে এপিবিএনে বদলি করা হয়েছে।
এছাড়া সিএমপির উপ-পুলিশ কমিশনার (যিনি ফেনীর এসপি হিসেবে বদলির আদেশ পেয়ে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করেছিলেন) মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান— এই দুজনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।











































