
ফাইল ছবি
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বড় অঙ্কের থোক বরাদ্দ আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এবারের বাজেটে মানবিক অর্থনীতি, যুবসমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি তুলনামূলকভাবে দুর্বল বলে মনে হচ্ছে।
তার মতে, বাজেটে বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করতে পারে। ফলে বাজেট বাস্তবায়নের সময় আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ড. দেবপ্রিয় আরও বলেন, উদারীকরণ, মানবিক অর্থনীতি ও ডিজিটাল অন্তর্ভুক্তির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হলেও সেগুলোর কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন, বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে সরকারের সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা এবং দক্ষ বাস্তবায়নের ওপর।












































