
সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে লাল কার্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা গেছে বিরল এক দৃশ্য। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারি তিনটি লাল কার্ড দেখিয়েছেন, যা নতুন করে প্রশ্ন তুলেছে—এবারের বিশ্বকাপে কি রেফারিরা আরও কঠোর ভূমিকা পালন করবেন?
বৃহস্পতিবার মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারায়। ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইয়ায়া সিথোলে ও থেম্বা জোয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচের অতিরিক্ত সময়ে মেক্সিকোর সিজার মন্তেসও লাল কার্ড পান।
সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে লাল কার্ডের সংখ্যা ছিল খুবই কম। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট মিলিয়ে মাত্র চারটি করে লাল কার্ড দেখানো হয়েছিল। অথচ ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই সংখ্যার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে।
ফিফার রেফারিং বিভাগের প্রধান হিসেবে ২০১৭ সালে দায়িত্ব নেন ইতালির সাবেক কিংবদন্তি রেফারি পিয়েরলুইজি কলিনা। তার অধীনে রেফারিংয়ে একটি বড় পরিবর্তন আসে। কলিনা বরাবরই মনে করেন, খেলোয়াড়কে তখনই মাঠ থেকে বের করে দেওয়া উচিত, যখন তার অপরাধ সত্যিই লাল কার্ড পাওয়ার মতো গুরুতর হয়।
তাই সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে লাল কার্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বিশ্বকাপ শুরুর আগে কলিনাও সময়ক্ষেপণ ও খেলোয়াড়দের আচরণ নিয়ে কথা বলেছিলেন, তবে লাল কার্ডের সংখ্যা বাড়ানোর মতো কোনো কঠোর অবস্থানের ইঙ্গিত দেননি।
ম্যাচের প্রথম লাল কার্ডটি আসে সিথোলের বিরুদ্ধে। গোলের সুযোগ তৈরি করা মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেসকে ফাউল করে তিনি স্পষ্ট গোলের সুযোগ নষ্ট করেছিলেন। ফলে রেফারির সিদ্ধান্ত নিয়ে তেমন বিতর্ক হয়নি।
তবে দ্বিতীয় লাল কার্ডটি ছিল বেশি আলোচিত। ভিএআর পর্যালোচনার পর থেম্বা জোয়ানেকে সহিংস আচরণের দায়ে মাঠ ছাড়তে হয়। মেক্সিকোর রবার্তো আলভারাদোর সঙ্গে বলের বাইরে ধস্তাধস্তির সময় জোয়ানের হাত প্রতিপক্ষের মাথায় লাগে বলে মনে করা হয়। কিন্তু রিপ্লে দেখে ঘটনাটি অনেকের কাছেই খুব কঠোর সিদ্ধান্ত বলে মনে হয়েছে।
অন্যদিকে মেক্সিকোর সিজার মন্তেসের লাল কার্ডটিও প্রথমে বিতর্কিত মনে হলেও পরে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার খুলিসো মুদাউ গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তাকে থামাতে মন্তেস বিপজ্জনক ট্যাকল করেছিলেন। নিয়ম অনুযায়ী এটিকেও গোলের স্পষ্ট সুযোগ নষ্ট করার ঘটনা হিসেবে বিবেচনা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হলেও এখনই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না যে পুরো বিশ্বকাপজুড়েই রেফারিরা কঠোর হবেন। ১০৪ ম্যাচের দীর্ঘ এই টুর্নামেন্টে এটি হয়তো একটি ব্যতিক্রমী ঘটনাও হতে পারে।











































