
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার এইচ ই শ্রী দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার এইচ ই শ্রী দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারত একই আকাশ, বাতাস ও নদীর স্রোত ভাগাভাগি করে নেয়, তাই দুই দেশকে মিলেমিশে কাজ করতে হবে। তিনি পারস্পরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক উন্নয়ন ও বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। পর্যটক ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি তার বিবেচনায় রয়েছে এবং এমন উদ্যোগ নেওয়া হবে যাতে উভয় দেশের মানুষ উপকৃত হন।
সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে সীমান্তের আনুষ্ঠানিকতা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। সেখানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রিডেনশিয়াল) পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন।
উল্লেখ্য, গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পত্রাধিকার গ্রহণের মাধ্যমে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন পান। তিনি সাবেক হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল













































