
ফাইল ছবি
দেশের বাজারে টানা চার দফা কমানোর পর এবার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
আজ শনিবার (১৩ জুন) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের স্থানীয় বাজারেও তেজাবী সোনার (পাকা সোনা) সরবরাহ ও দামের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং দেশীয় জুয়েলারি শিল্পের স্থায়িত্ব ধরে রাখতে বাজুসের নিয়ম অনুযায়ী সোনার দাম পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা।
চলতি জুন মাসের শুরু থেকেই দেশের বাজারে সোনার দামে বড় ধরনের স্বস্তি আসছিল। গত ২ জুন ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। এরপর ধারাবাহিক পতন বজায় রেখে ৬ জুন ৫ হাজার ৪৮১ টাকা, ১০ জুন ৬ হাজার ৫৯১ টাকা এবং সর্বশেষ গত ১১ জুন ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়। সব মিলিয়ে জুনের এই চার দফায় সোনার দাম ভরিপ্রতি মোট ১৯ হাজার ৭৭১ টাকা পর্যন্ত কমেছিল।
তবে চলতি সপ্তাহের সেই বড় পতন কাটিয়ে আজ মাত্র এক দফাতেই দাম বাড়ল সাড়ে ছয় হাজার টাকারও বেশি, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় লাফ। এর ফলে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।















































