
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের প্রস্তুতির মধ্যেই দলের কিছু প্রশিক্ষণ সরঞ্জাম চুরি হয়েছে।
ইংল্যান্ড দলের অনুশীলন সামগ্রী আগেভাগেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে পাঠানো হয়েছিল। তবে সেখানে পৌঁছানোর পর সরঞ্জাম বহনকারী যানবাহনে চুরির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ফুটবল ও খেলোয়াড়দের বুট রয়েছে। আরও কিছু জিনিসপত্র খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড দলের কোচ টমাস টুখেল ও খেলোয়াড়রা শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর কথা ছিল। তার আগেই অনুশীলনের সব সরঞ্জাম সেখানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে চুরির ঘটনায় বিশ্বকাপে ইংল্যান্ডের প্রস্তুতি কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আগামী বুধবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর ২৩ জুন ঘানার বিপক্ষে এবং ২৭ জুন পানামার বিপক্ষে খেলবে তারা।
১৯৬৬ সালের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। এমনকি এরপর কোনো বড় আন্তর্জাতিক শিরোপাও তাদের হাতে ওঠেনি। তবে অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরে গড়া বর্তমান দলটিকে অনেক বিশেষজ্ঞ সাম্প্রতিক বছরগুলোর সেরা ইংল্যান্ড দল হিসেবে বিবেচনা করছেন। টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা দলটি এবার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও বিবেচিত হচ্ছে।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এবারের বিশ্বকাপে ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘এল’-এ। তাদের সঙ্গে রয়েছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস











































