
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত প্রায় ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত টহলের সময় দুই সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এ অবস্থায় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গুলি চালায়।
গুলিতে একজন চোরাকারবারি আহত হলেও পরে তিনি ও তার সহযোগী ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে গোয়েন্দা অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।











































