
সভায় উপস্থিত বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন
রাজধানী ঢাকা ও গাজীপুরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রকল্পটি চালু হলে সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকার যানজট কমানো এবং যাত্রীসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।









































