
সংগৃহীত ছবি
দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট দূর করতে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং এসব পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্যপদের তালিকাও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ড. মিলন জানান, এনটিআরসিএ জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করছে। এ প্রক্রিয়ায় ২০২৫ সালের আগস্টে ৪১ হাজার ৬২৭ জন এবং ২০২৬ সালের জানুয়ারিতে ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষককে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, রংপুর-৪ আসনসহ দেশের বিভিন্ন এলাকার শূন্যপদ জাতীয় মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার আওতায় পূরণ করা হবে। চলমান নিয়োগ কার্যক্রম শেষ হলে শিক্ষক সংকট কমে গিয়ে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।















































