সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ জুন ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
শেয়ার

দেশের এইচএসসি লেভেল সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ


Boby-Hazzaz

সংগৃহীত ছবি

গত দুই দশকের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে দেশের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের এইচএসসি স্তরের শিক্ষাকে অনেক সময় সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির মানের সঙ্গে তুলনা করা হয়, যা দেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

রোববার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার কারিকুলাম সংস্কার, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং শিক্ষা অবকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে। তার মতে, শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে শিক্ষা খাতকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমকে পাঠ্যক্রমের অংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতির বিকাশকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই।

বাজেট প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এটি একটি আশাবাদী বাজেট, যেখানে সৃজনশীল অর্থনীতি ও শিল্পকারখানা পুনরুজ্জীবনের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে নিতে সরকারের উদ্যোগে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতিও আহ্বান জানান তিনি।