সোমবার । জুন ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৪ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শেয়ার

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত


rubel

নিহত রুবেল মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় রুবেল মিয়া (২৬) নামের সৌদি প্রবাসী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং মাত্র দেড় মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। ছুটির আমেজ শেষ না হতেই তাঁর এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুবেল মিয়া তাঁর এক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাহাদিয়া এলাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলকে পাশ (সাইড) দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে যান। ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশাটি সনাক্ত করার চেষ্টা চলছে এবং এই দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।