
ফাইল ছবি
বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে মারা গেছে আদ্-দ্বীন হাসপাতালের শিশুরা। অবহেলা ছিল ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় শিশুর মৃত্যুর দায় নিতেই হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।’
তিনি বলেন, হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশন ব্যবস্থাও ছিলো না হাসপাতালটিতে। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও কোনো ডাক্তার তখন দায়িত্বে ছিলো না। ডেকেও নার্সদের সাড়া মেলেনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, ‘আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে, তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।’
তবে মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও হাসপাতালটির অন্য শাখা থাকলে তা চলতে বাধা নেই বলেও জানিয়েছেন তিনি।
এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত দেয়াল তৈরি করতে সরকার সক্ষম হয়েছে বলে জানান তিনি। সেইসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সব ডাক্তারকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।









































