
শ্রদ্ধাঞ্জলি শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।
এর আগে হারুন-আল-রশিদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।
এ সময় বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিরোধী দলীয় নেতার পক্ষে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং পরিবারের পক্ষে মরহুমের ভাতিজা কামাল হোসেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, হারুন-অর-রশিদ একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন এবং পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ব্যক্তি জীবনে অমায়িক, সজ্জন সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
স্পিকার আরও উল্লেখ করেন, হারুন-অর-রশিদ দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন জাতীয়তাবাদী ঘরাণার নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। এসময় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিরাবের প্রতি সমবেদনা জানান।
জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দের পক্ষে হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব এবং সংসদ সচিবালয়ের পক্ষে ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া ও কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, হারুন-আল-রশিদ গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।











































