
বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক
নারী বাদীর সঙ্গে আপত্তিকর মন্তব্য, মামলা গ্রহণে গড়িমসি এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগের মুখে বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণে তাকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২০ জুন) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ. এম. ফয়সল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে কেবল ‘প্রশাসনিক কারণ’ দেখানো হয়েছে।
এর আগে, এক নারী অভিযোগ করেন যে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করতে গেলে ওসি এনামুল হক তাকে অপমানজনক ভাষায় সম্বোধন করেন এবং মামলা নিতে টালবাহানা করেন। অভিযোগ অনুযায়ী, ওসি তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কি সেই মাল? ইবলিস যেন কোথাকার’, যা উপস্থিত ব্যক্তিদের সামনেই বলা হয়।
ঘটনার সময় উপস্থিত ছিলেন সাবেক পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী মরিয়ম চৌধুরী জেবু। তিনি দাবি করেন, ওসি তার সামনেই ওই মন্তব্য করেছিলেন।
এছাড়া স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, সরকারি মোবাইল নম্বরে অধিকাংশ সময় ওসির সঙ্গে যোগাযোগ করা যেত না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা গ্রহণে অনীহা এবং নারী বাদীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অফিস আদেশে কোনো মন্তব্য করা হয়নি; শুধুমাত্র প্রশাসনিক কারণে তাকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে।









































