শনিবার । জুন ২০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ জুন ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান


Ship-Hormuz

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। শান্তি চুক্তিতে সম্মত হওয়ার কয়েকদিনের মধ্যেই শনিবার দেশটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ জানিয়েছে, হরমুজ প্রণালিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, ‘আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।’

ইরানের সামরিক বাহিনীর দাবি, যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে হরমুজ প্রণালি বন্ধ করা তাদের ‘প্রথম পদক্ষেপ’। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসন চলতে থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। এর একদিন আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।

সাম্প্রতিক এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে, বলছেন বিশ্লেষকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস