
ফাইল ছবি
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
শনিবার সকালে স্থানীয় সময় কাতারের শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রবাসী বাংলাদেশিরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
নিহত পাঁচ বাংলাদেশি হলেন- জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে।
নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাতারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







































