শুক্রবার । জুন ২৬, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশীসহ ৫৮৬ অভিবাসী আটক


malaysia-bd

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে যৌথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ ৫৮৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। পরবর্তীতে কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন অভিবাসন অপরাধে এর মধ্য থেকে ২৭০ জন অভিবাসীকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশি নাগরিক।

বুধবার (২৪ জুন) সকাল থেকে সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)-এর নেতৃত্বে দুটি উৎপাদন কারখানায় এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানটি সফল করতে সেলাঙ্গর রাজ্য জেআইএম অভিবাসন কর্মকর্তা, সেলাঙ্গর কেপিডিএন কর্মকর্তা, সেলাঙ্গর জেটিকে কর্মকর্তা এবং সেলাঙ্গর ইপিএফ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৫০ জন সরকারি দপ্তরের কর্মকর্তার একটি বিশেষ দল অংশ নেয়। কারখানাদুটিতে কর্মরত মোট ৫৮৬ জন বিদেশির বৈধ ভিসা ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য প্রথমে তাদের সবাইকে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ২৭০ জনকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কার ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা রয়েছেন।

তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আছেন, তা সুনির্দিষ্টভাবে প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। গ্রেপ্তারকৃত এই ২৭০ জনকে ১৪ দিনের রিমান্ড ও পরবর্তী তদন্তের জন্য সেমেনিয়াহ রাজ্য অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে।

চলতি সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় এটিই সবচেয়ে বড় ‘অপারেসি’ বা অবৈধ অভিবাসীবিরোধী সাঁড়াশি অভিযান। উল্লেখ্য, নানা জটিলতার কারণে যারা এখনো বৈধতা পাননি বা বৈধতার জন্য অপেক্ষা করছেন, দেশটির ইমিগ্রেশন বিভাগের এই নিয়মিত অভিযানের কারণে সেই অনিয়মিত প্রবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।