
চীনের রাজধানী বেইজিংয়ে আজ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ১০টায় গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, প্রধানমন্ত্রী আশা করছেন এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে এবং দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। বিশেষ করে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রগুলোতে বাংলাদেশ-চীন অংশীদারত্ব আরও গভীর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। পরে বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে দালিয়ান সফর শেষে বুধবার বেইজিং পৌঁছান। ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর শুরু হয়।






































