শুক্রবার । জুন ২৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক ওয়ার্ল্ডকাপ গোল গ্রাফ ২৬ জুন ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ন
শেয়ার

তিউনিসিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, নকআউটে প্রতিপক্ষ মরক্কো


netherland

ছবি: সংগৃহীত

তিন গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করল নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ডাচরা। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে জাপান ও সুইডেনের লড়াইটি ১-১ গোলে ড্র হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে কমলা শিবির। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নকআউট পর্বে তারা মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানারআপ মরক্কোর।

কানসাস সিটির মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় নেদারল্যান্ডস। ম্যাচের একদম শুরুতেই তিউনিসিয়ার অধিনায়ক এলিস শিকিরি আত্মঘাতী গোল করে ডাচদের এগিয়ে দেন। শুরুর ধাক্কা সামলানোর আগেই সপ্তম মিনিটে ব্রায়ান ব্রবি নিজের বিশ্বকাপের তৃতীয় গোল করে ব্যবধান ২-০ করেন। অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেড থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে তা জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় তিউনিসিয়া। ৫৪তম মিনিটে কর্নার থেকে হাজেম মাসতুরি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। তবে আফ্রিকান দেশটির সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬২তম মিনিটে জ্যান পল ফন হেকের হেড তিউনিসিয়ার আনিস স্লিমানের গায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হলে নেদারল্যান্ডসের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল। তবে বিরতির পরও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজেই জয় তুলে মাঠ ছাড়ে ডাচরা।

এই জয়ে তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস। অন্যদিকে, ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে জাপান, যাদের নকআউটে খেলতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। আর ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডের টিকিট কেটেছে সুইডেন।

তিউনিসিয়া কোনো জয় ছাড়াই শূন্য হাতে বিশ্বকাপ শেষ করল। নকআউটে ওঠার আগে টানা দুই জয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এবার শেষ ৩২-এর লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে ডাচরা।