বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ৬:১১ অপরাহ্ন
শেয়ার

বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে লাশের মিছিল, স্তব্ধ বাংলাদেশ


বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে লাশের মিছিল, স্তব্ধ বাংলাদেশ

সময় সোমবার দুপুর ১টা ১৭ মিনিট। প্রতিদিনের মতোই ক্লাসের শেষে কোচিং চলছিলো রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে। হঠাৎ আকাশ থেকে স্কুল ভবনের উপড়ে আছড়ে পরে বিমান বাহিনীর একটি এফ ৭ প্রশিক্ষণ বিমান। আর ভয়াবহ বিস্ফোরণের আগুন ছড়িয়ে পরে। শিশুদের কোলাহলে মুখরিত স্কুলটি মুহুর্তেই অশান্ত হয়ে উঠে মানুষের আহাজারিতে।

এর পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে। শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীরা অবস্থান করছিলো।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ। আর হতাহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি। ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিহত ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে একাধিক সূত্রে।

এছাড়া, হাসপাতাল ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়ে গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায়।

মর্মান্তিক এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।