বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
শেয়ার

উত্তরায় বিমান বিধ্বস্ত

বার্ন ইনস্টিটিউটে স্বজনদের ভিড়, আহাজারিতে ভারী পরিবেশ



রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ আহতদের একের পর এক অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সোমবার (২১ জুলাই) দুপুর থেকে ইনস্টিটিউটের সামনে উপচে পড়া ভিড়, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো চত্বর। দগ্ধদের আত্মীয়দের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, এখন পর্যন্ত শতাধিক দগ্ধ রোগী ভর্তি হয়েছেন ইনস্টিটিউটে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইমারজেন্সি ও ইনডোর ওয়ার্ডের পাশাপাশি কনফারেন্স রুম ও স্টাফ ওয়ার্ডও চিকিৎসার জন্য খুলে দেওয়া হয়েছে।

ইনস্টিটিউটের এক নিরাপত্তাকর্মী বলেন, “এত মানুষ একসঙ্গে এসেছে যে কাউকে থামানো যাচ্ছে না। কেউ স্বজনের খোঁজে ছুটছে, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে।”

অ্যাম্বুলেন্স পৌঁছালে বাঁশি বাজিয়ে গণমাধ্যমকর্মী ও স্বজনদের সরিয়ে দিচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা, যেন দ্রুত দগ্ধদের জরুরি বিভাগে নেওয়া যায়।

ইনস্টিটিউটের তৃতীয় তলায় কক্ষের বাহিরে ছেলেকে জড়িয়ে হাউমাউ করে কান্না করছেন এক মা। তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে গেছে। তিনি বিলাপ করে বলছেন, ‘আমার মেয়ের সব পুড়ে গেছে, তোমরা কেউ তার জ্বলা বন্ধ করো। আমি আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। ।’

এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশংকা করা হচ্ছে। যাদের অধিকাংশই ছাত্র-ছাত্রী।