বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
শেয়ার

পাইলট বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর


plane-crashউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। এসময় দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ওই বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে।

আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে বলে জানায় আইএসপিআর।

এ ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬৪ জন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও অন্যান্য হাসপাতালে হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সে দ্রুত স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় বিমান বাহিনী গভীরভাবে শোকাহত বলে জানানো হয়েছে। বিমান বাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।

ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।