বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
শেয়ার

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জামায়াত আমির


jamat-amir

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধ রোগীদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে তারা জাতীয় বার্ন ও অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রবেশ করেন।

প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

এর আগে দুপুরে দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।

এদিকে এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সোমবার (২১ জুলাই) এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ২১ জুলাই সোমবার দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় এখনো শতাধিক শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।