ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপদেষ্টা তৌহিদ হোসেনকে তার সাম্প্রতিক চীন সফরের পরবর্তী অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। আলোচনায় বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি, মৎস্য, সবুজ জ্বালানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত তার সাম্প্রতিক কুয়ালালামপুর সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠকের বিষয়টিও তুলে ধরেন। এ সময় তিনি জানান, ইয়ারলুং জাংবো নদীতে চীনের নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পটি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হবে এবং এটি কোনোভাবেই ভাটির দেশের পানিপ্রবাহে প্রভাব ফেলবে না বা পানি প্রত্যাহার করা হবে না।
বৈঠকে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন ও জনগণের মধ্যে আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয়পক্ষ।




































