বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ জুলাই ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শেয়ার

বিমান দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা করাবে সরকার


hospitalমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত সকলের চিকিৎসা সরকারি খরচে নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। সোমবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকল বেসরকারি হাসপাতালকে এই দুর্ঘটনায় আহত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনো জটিলতা বা অপারগতা দেখা দিলে রোগীদের জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এ ঘটনায় আহতদের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১ জন। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।