বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুলাই ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত দেড় শতাধিক


plance-crash-uttara
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

সোমবার (২১ জুলাই) রাতে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে একজন এবং রাত ১২টার দিকে আরেকজন মারা গেছেন।

ভয়াবহ এ ঘটনায় নিহতদের বড় একটি অংশই শিক্ষার্থী। এখন পর্যন্ত নিহতদের মধ্যে ১৭ জন শিশু। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম এবং স্কুলশিক্ষিকা মেহেরীন চৌধুরী (৪৬)।

আহত ও দগ্ধ ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। সেখানে উদ্ধার অভিযান চালায় সেনাসদস্য, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

সেই তালিকা অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আটজন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৭০ জন, ঢাকা মেডিকেলে তিনজন, সিএমএইচে আহত ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজনসহ ১৭১ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এ ছাড়া বার্ন ইনস্টিটিউটে দুজনের মরদেহ, ঢাকা মেডিকেলে একজনের মরদেহ, সিএমএইচে ১২ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজনের, লুবনা জেনারেল হাসপাতালে দুজনের এবং উত্তরা আধুনিক হাসপাতালে একজন রয়েছে।