
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বাঁয়ে) ও গোলাম আকবর খন্দকার। ফাইল ছবি
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে দলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
এর আগে একই দিন বিকেলে চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। হালদা নদীর সাত্তারঘাট পয়েন্টে সেতুর কাছে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংঘর্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহিংসতায় ৪টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়।
রাউজান বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিনের। গোলাম আকবর খোন্দকার ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা এলাকায় দুটি শক্তিশালী বলয় গড়ে তুলেছেন। উভয়ের বাড়ি রাউজান উপজেলায় হওয়ায় রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্ব প্রায়ই সংঘর্ষে রূপ নেয়।
বিশেষ করে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আন্দোলনের পর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। বিভিন্ন সময় দফায় দফায় সহিংসতায় লিপ্ত হয়েছে নেতাকর্মীরা। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে।”
তবে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত সংঘর্ষের ফল কি না—এমন প্রশ্নে তিনি সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “কমিটি বিলুপ্ত করা হয়েছে, এটুকুই আমার বক্তব্য।”
২০২২ সালের ২০ জুলাই গঠিত ওই কমিটিতে গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে মোট ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটি গঠনের পর থেকেই এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিং বাড়তে থাকে।















































