বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ আগস্ট ২০২৫, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি


প্র্রধান উপদেষ্টার কার্যালয়

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি পাঠিয়েছেন। চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।

এর আগে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় এদিন নির্বাচন কমিশনে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে প্রধান উপদেষ্টার ভাষণের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিগত ১৫ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই প্রেক্ষাপটে এবারকার নির্বাচন যেন এক মহাআনন্দের উৎসবে পরিণত হয়—সেই প্রত্যাশায় অবিলম্বে প্রস্তুতি শুরুর নির্দেশ দেন তিনি।

ভোটার উপস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ, আন্তরিকতা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি উৎসবমুখর নির্বাচনের আয়োজন নিশ্চিত করতে নির্বাচনে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রদানের বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে।

চিঠির শেষে নির্বাচনের সময় অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর আহ্বান জানানো হয় নির্বাচন কমিশনের প্রতি।