বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ আগস্ট ২০২৫, ৫:৩১ পূর্বাহ্ন
শেয়ার

বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফিরে এলো ব্যাংককগামী ফ্লাইট


Bimanযান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছে। ফ্লাইটে ১৪৬ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি মিয়ানমারের আকাশসীমা থেকে আবারও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের যাত্রী ধারণক্ষমতা ১৭০ জনের।

বিমানের পাইলট নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উড্ডয়নের পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন লক্ষ্য করেন।’ উড়োজাহাজটি তখন মিয়ানমারের আকাশে ছিল। নিরাপত্তার কারণে, পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং দুপুর ১টা ২১ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন যে, উড়োজাহাজটির ইঞ্জিনে আগেই সমস্যা ছিল। তারা জানান, কয়েকদিন আগে শাহজালালের হ্যাঙ্গারে ব্যাপক পরিসরে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ (সি-চেক) করা হয়। এরপর গত সোমবার ঢাকা-সিলেট-ঢাকা রুটে এটির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। তখন উড়োজাহাজটির ইঞ্জিনে অতিরিক্ত কম্পন দেখা গিয়েছিল।

বিমানের এক কর্মকর্তা জানান, কম্পনের বিষয়টি পাইলট সংশ্লিষ্টদের জানানোর পর বিমানের প্রকৌশল বিভাগ তা নিয়ে কাজ করে এবং সমাধান করা হয় বলে জানায়।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই বেলা ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বোয়িং-৭৭৭-ইআর উড়োজাহাজে পরিচালিত সেই ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।