বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ আগস্ট ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
শেয়ার

শাহজালালে চট্টগ্রামগামী বিমানের জরুরি অবতরণ


bimanচট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৫ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ২১ মিনিট পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি। কিন্তু উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে পাইলট দ্রুত বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। ফলস্বরূপ, দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। পরবর্তী ফ্লাইটে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হবে।’

এর আগে, রবিবার (১০ আগস্ট) যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বর্তমানে উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় বিমানবন্দরে রয়েছে।